নাইজারে বন্যায় ৩৩৯ মৃত্যু, বাস্তুচ্যুত ১১ লাখ মানুষ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১০:৪৪ পিএম

নাইজারের প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৯ জনে পৌঁছেছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ। 

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এসব তথ্য জানানো হয়েছে।

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী গত মাসে জানিয়েছিলেন, বন্যায় ২৭৩ জন মারা গেছেন এবং সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্যায় ৩৮৩ জন আহত হয়েছেন। সরকারের নাগরিক সুরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাজধানী নিয়াম এবং অন্যান্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যায় পশু, খাদ্য সরবরাহ ও অন্যান্য সামগ্রীরও বিশাল ক্ষতি হয়েছে। নাইজারের দ্বিতীয় বৃহত্তম শহর জিন্ডারের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস হয়ে গেছে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থার তথ্যমতে, কিছু অঞ্চলে আগের বছরের তুলনায় ২০০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্কুলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার কারণে সরকার নতুন সেশন শুরুর সময়সীমা স্থগিত করেছে।

উল্লেখ্য, নাইজারে প্রায় প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষাকাল চলাকালীন প্রাণহানির ঘটনা ঘটে। ২০২২ সালে দেশটিতে ১৯৫ জনের মৃত্যু হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft