প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৯:৫২ পিএম আপডেট: ০২.০৭.২০২৪ ৯:৫৫ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে লোকালবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপা ড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখির মিলঘর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২২) এবং একই উপজেলার ধলেরচর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রাজু শেখ (২১)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী লোকালবাস মালঞ্চ পরিবহনের সাথে বিপরীত দিক বোয়ালমারী থেকে আলফাডাঙ্গাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক হুসাইন মিয়া (২২) বাসের চাকায় পিষ্ট হয়ে এবং মোটরসাইকেলের অপর আরোহী মো. রাজু শেখ (২১) সড়কে পড়ে মাথায় প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান। বৃষ্টি ভেজা রাস্তায় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে স্থানীয়রা জানান। নিহতদের লাশ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে থানায় নিয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালকসহ স্টাফরা বাসটি ফেলে রেখে পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।
বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, আলফাডাঙ্গা থেকে ফরিদপুরগামী লোকালবাসের (মালঞ্চ পরিবহন) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।