শেয়ারবাজারের উন্নয়নে গবেষণা করতে হবে: শেখ শামসুদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৭:৩৮ পিএম

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ জুন) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘জাতীয় বাজেট ২০২৪-২৫: পুঁজিবাজারের প্রত্যাশা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউটের প্রভাষক মো. আদনান আহমেদ।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেকের সভাপতিত্বে ও মডারেশনে অনুষ্ঠিত  সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ও আলোচক হিসেবে বিআইসিএমের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজারের উন্নয়নে আমাদের বিষদভাবে চিন্তা করতে হবে এবং কিভাবে শেয়ারবাজারের উন্নয়ন করা যায় সে বিষয়ে গবেষণা করতে হবে। এরূপ গবেষণা সরকারকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করতে পারে। উক্ত গবেষণা পরিচালনার ক্ষেত্রে বিআইসিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় আকারে ও দীর্ঘ মেয়াদে অর্থের সংস্থানের ক্ষেত্রে শেয়ারবাজার অগ্রণী ভূমিকা রাখতে পারে। এধরনের অর্থায়ন ব্যাংকিং সেক্টর থেকে করা সঠিক কাজ নয়। তবে নানাবিধ কারণে আমাদের দেশে এটি এখনো প্রচলিত।

বিশেষ অতিথির বক্তব্যে ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, উন্নত দেশে শেয়ারবাজার থেকেই দীর্ঘ  মেয়াদী অর্থের সংস্থান করা হয়। কিন্তু আমাদের দেশে ভিন্ন চিত্র দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে দীর্ঘ মেয়াদী অর্থের সংস্থান করতে দেখা যায়। দেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থ বাজার ও শেয়ারবাজারের সকল প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

ফয়সাল আহমেদ খান বলেন, আমাদের দেশের ঘাটতি বাজেটের অর্থায়ন মূলত ব্যাংকিং খাত থেকে করা হয়। কোনো দেশের ব্যাংকিং খাত থেকে সরকার এতো অর্থের সংস্থান করলে প্রাইভেট খাতে তার বিরূপ প্রভাব পড়ে। তাই এই বিরূপ প্রভাব দূর করতে শেয়ারবাজার থেকে বিকল্প অর্থায়নের ব্যবস্থা করা যেতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি অনলাইনে সংযুক্ত ছিলেন। এছাড়াও, বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ বিআইসিএমের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তারা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft