প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৭:৪৭ পিএম

নিজের সাজা অন্যজনকে দিয়ে খাটানোর ঘটনায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা নাজমুল হাসানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ মে) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বদিল সাজা খাটানোর ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে আদালতের নজরে আনা আইনজীবী মনজিল মোরসেদ আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন।
তিনি বলেন, যেহেতু আসামি নিজেই বলেছেন তিনি পলাতক, সুতরাং পলাতক অবস্থাতে তো তার বাইরে থাকার সুযোগ নাই। দ্রুত তাকে কাষ্টডিতে নেওয়ার জন্য আদেশ দেওয়া দরকার। আদালত শুনে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। আর মামলার শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করে দিয়েছেন।
এর আগে গত ২৪ এপ্রিল এক আসামির পরিবর্তে অন্য আরেকজনের সাজা খাটার ঘটনায় নিম্ন আদালতের বিচারক, আইনজীবী ও কারা কর্মকর্তারা ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সাত দিনের মধ্যে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়।
হাইকোর্টের এ আদেশ মোতাবেক রোববার সবাই ব্যাখ্যা দিয়েছেন। আদালতে আসামি নাজমুল হাসানের পক্ষে আইনজীবী ছিলেন সাঈদ আহমেদ রাজা। দুই জেলারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজিম। আর দুই আইনজীবীর পক্ষে ছিলেন এস এম শাহজাহান।
শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, নাজমুল যে হলফনামা দাখিল করেছেন, সেখানে তিনি নিজেই বলেছেন, এ রায়ের ব্যাপারে তিনি জানেন না। এমনকি রায়ের পরে তিনি হাজিরও হননি। তাহলে তিনি নিজেই বলছেন তিনি পলাতক। পলাতক অস্থায় তার বাইরে থাকার সুযোগ নাই।