লক্ষ্মীপুরে সেইপটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে নিহত-২
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১:২৩ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে বাসার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে হযরত আলী খোকন (৩৮) নামে এক সুইপারের মৃত্যু হয়েছে। পরে তাকে বাঁচতে সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করলে  বাড়ির মালিক রিয়াদ পাটোয়ারীরও (৩২) মৃত্যু হয়।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

রিয়াদ উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়ীর নুর আলমের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী এবং দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। সুইপার খোকন কুমিল্লা জেলার লাকসাম পৌরশহরের মিস্রি এলাকার রুস্তম আলী মোল্লার ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে রায়পুরের বামনী ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা জানান, রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির ‘পাটোয়ারী ভিলার’ একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে সুইপার খোকনকে ভাড়া করেন রিয়াদ। রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন খোকন। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত (মিথেন) গ্যাসে অসুস্থ হয়ে পড়ে তিনি। এ সময় রিয়াদ তাকে বাঁচাতে মই দিয়ে ওই ট্যাংকে নামেন। একপর্যায়ে মই ভেঙে রিয়াদও ট্যাংকের ভেতরে পড়ে যান। এতে বিষাক্ত গ্যাসে দুজনেরই মৃত্যু হয়।

খবর পেয়ে রাত ৮টা ৫০ মিনিটে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রাত সাড়ে ৯ টায় রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft