আজ শেষ হচ্ছে ১৩ দিনব্যাপি আয়োজিত সম্মেলন কপ-২৮
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২:২৮ পিএম

আজ মঙ্গলবার শেষ হচ্ছে ১৩ দিনব্যাপী জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৮। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে শেষ মুহুর্তে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত সম্মেলনে ১৯৮টি দেশের সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। যে কোনো চুক্তিতে পৌঁছাতে হলে তাদের সবাইকেই একমত হতে হবে। 

গতকাল সোমবার উত্থাপিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর একটি খসড়া চুক্তিতে সই করা থেকে বিরত থাকে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ কয়েকটি দেশ। ওই চুক্তিকে দুর্বল ও ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য ‘মৃত্যু সনদ’ বলে উল্লেখ করে জলবায়ু সংকট মোকাবিলায় শক্তিশালী চুক্তির দাবি করেন দেশগুলোর নেতারা।

এবারের সম্মেলনে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলের ৭০ হাজারের বেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক ও অধিকারকর্মী যোগ দিয়েছেন। ১৯৯২ সালে শুরু হওয়ার পর কপের আর কোনো সম্মেলনে এতো বেশি মানুষ অংশ নেয়নি। গত ৩০ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলনের শেষদিন আজ মঙ্গলবার।  

২০২২ সাল ছিল দাবদাহ, খরা, অতিবৃষ্টি বা বন্যা, ঝড় ও ভূমিকম্পসহ নানা দুর্যোগে ভরা একটি বছর। এসব দুর্যোগ নিছক প্রাকৃতিক নয়। এর পেছনে যে মানুষের কর্মকাণ্ডের বড় ভূমিকা আছে, তা নিয়ে এখন আর কোনো বিতর্ক নেই। এসব দুর্যোগ পরিবেশ-প্রকৃতির পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

এমন পরিস্থিতিতে জ্বালানি তেল ও গ্যাসসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আয়োজিত জলবায়ু সম্মেলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু জীবাশ্ম জ্বালানি নিয়ে এবারও কোনো সমাধান আসবে না বলেই মনে হচ্ছে। 

১০০টির বেশি দেশ এরই মধ্যে জীবাশ্ম জ্বালানি কমানোকে সমর্থন করেছে। জীবাশ্ম জ্বালানি নির্গমনকে শূন্যের কোঠায় আনতে এবং জলবায়ুর দ্রুত পরিবর্তনের প্রভাবগুলোকে সীমিত করা প্রয়োজন বলে দাবি করেছেন তারা।

গুতেরেস গত শুক্রবার কপ–২৮ এর প্রতিনিধিদের বলেন, ‘এটি পরিষ্কার যে, ১ দশমিক ৫ সেলসিয়াস তাপমাত্রার সীমা তখনই সম্ভব যদি আমরা শেষ পর্যন্ত সমস্ত জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করি। এটি না কমালে, তাপমাত্রাও কমবে না। একটি স্পষ্ট সময়সীমা বের করে আনুন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft