হামাস নেতাদের হত্যার পরিকল্পনায় ইসরায়েল
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১২:২৩ পিএম

গাজায় অভিযান শেষ হলেই বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া হামাস নেতাদের খুঁজে বের করে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক পরিচালক এফরাইম হেলভি বলেন, বিশ্বজুড়ে হামাস নির্মূল করেই ইসরায়েলের হুমকি কমবে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এরপর থেকেই প্রায় ২ মাস ধরে হামলা চালিয়ে গাজায় প্রায় ১৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

তবে গাজায় অভিযান শেষ হলেই আরেকটি অভিযানে নামবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, বিভিন্ন দেশে থাকা হামাস নেতাদের হত্যার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে লেবানন, তুরস্ক ও কাতারসহ উপসাগরীয় দেশে থাকা হামাস নেতাদের খোঁজা শুরু হয়েছে।

মোসাদের হত্যার তালিকায় রয়েছেন কাতার ও তুরস্কে থাকা ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়েহ। ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁকে বিষযুক্ত চিঠি দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

দ্বিতীয় টার্গেট ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূলহোতা, হামাসের সামরিক শাখা আল-কাসিম ব্রিগেডের প্রধান মোহাম্মেদ দেইফ। তাঁকে ৭ বার হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ইসরায়েল।

দেইফ ছাড়াও তালিকায় রয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়া। ২৩ বছর ইসরায়েলের কারাগারে থাকার পর ২০১১ সালে বন্দিবিনিময়ের সময় মুক্তি পান তিনি।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্য দেশে থাকা ফিলিস্তিনি নেতাদের হত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের। অবশ্য এবারের পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন মোসাদের সাবেক পরিচালক এফরাইম হেলভি। 

তিনি বলেন, এমন কর্মকাণ্ডে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft