প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:৫৫ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন।
বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়পত্র দাখিল শেষে নেতাকর্মী নিয়ে মাধবপুর উপজেলার শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন। পৌর শহরের বাজারে ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন ও দোয়া চান। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত হন ব্যারিস্টার সুমন।
গত রোববার সন্ধ্যায় ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে নিজ এলাকায় এসে তিনি এ ঘোষণা দেন। এসময় তাঁর অনুসারীরা উল্লাস প্রকাশ করেন।
সম্প্রতি হবিগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন ব্যারিস্টার সুমন।
এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন তিনি।