প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৭:৪২ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের বাসন থানায় করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারকে অব্যাহতি দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। এদিন মামলাটি আমলে গ্রহণ করার দিন ধার্য ছিল।
তবে মামলা আমলে নেয়ার প্রয়োজনীয় উপাদান না থাকায় বিচারক তাদের এ মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী ইশরাত হাসান।
চলতি বছর ১৭ মার্চ তথ্য প্রযুক্তি আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
পরদিন ১৮ মার্চ বেলা ১২টার দিকে মাহি ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ওইদিন রাতেই তাকে জামিন দেয়া হয়।