প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৪:৪২ পিএম আপডেট: ২৯.১১.২০২৩ ৪:৪৫ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসে সংস্থাটির প্রধান হারুন অর রশীদের সাথে দুপুরের খাবার খেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
আজ বুধবার দুপুর দেড়টায় তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর তারা একসাথে দুপুরের খাবার খান।
মূলত ডিবি প্রধান হারুন অর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেই তিনি কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে শামীম ওসমান বলেন, ‘হারুন ভাই আমার অনেক আগে থেকে পরিচিত। এক সাথে রাজনীতি করেছি। সে কারণেই দেখা করতে আসা। পাশাপাশি নির্বাচন সামনে দেশকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এসব তথ্য তাকে দিয়েছি।’
তিনি বলেন, ‘এমপি হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবে তথ্যগুলো দিয়ে গেলাম। হারুন ভাই ক্যাপাবল (সক্ষম) অফিসার, সে ব্যবস্থা নিতে পারবে।’
এসময় ডিবি অফিসে দুপুরের খাবার খাওয়া প্রসঙ্গে জানতে চাইলে এই সাংসদ বলেন, ‘হারুন ভাইয়ের খাবার নয়, উনার স্ত্রী আমার বোন। তার রান্না করা খাবার খেয়েছি।’