প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৪:০১ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন সাংবাদিকেদের বিষিয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১টার দিকে কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কালিয়াকৈরে ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের পরিধি বাড়তে থাকায় সারাবো, কাশিমপুর ডিবিএল এবং জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরপর ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।