প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৩:২৮ পিএম

আগামীকাল রবিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির মধ্যে চট্টগ্রাম ও ভৈরবে হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি। আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে চট্টগ্রামে এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ভৈরবে হরতাল ডেকেছে তারা।
গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়। এরপর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি দিচ্ছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। গত ২৯ অক্টোবর সারাদেশে হরতাল, ৩১ অক্টোবর থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। এসব কর্মসূচিতে সংঘর্ষ, হতাহত ও সহিংসতার ঘটনা ঘটে।
২৮ অক্টোবরের পর বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হয়। আত্মগোপনে চলে যান অনেক নেতা।
আজ শনিবার চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। অ্যাম্বুলেন্স, সংবাদপত্র ও সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের যানবাহন হরতালের আওতামুক্ত রাখার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
অন্যদিকে শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কর্মসূচি ঘোষণা করে ভৈরব বিএনপি।
তারা জানায়, জেলা বিএনপির সভাপতিসহ ৫ নেতাকর্মীকে ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে ভৈরব উপজেলা ও পৌর বিএনপি।