প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১১:৫৬ এএম

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমসহ ৫ জনকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোষাকের গোয়েন্দা পুলিশ সকালে ৫ জনকে তুলে নিয়ে যায়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমসহ বাকী ৫ জন হলেন- বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেই বাড়ির মালিক মাযহারুল এবং শরীফুল আলমের গাড়ি চালক রতন।
এর আগে ২ নভেম্বর দিবাগত রাত তিনটায় মোহাম্মদপুর থেকে ডিবি পুলিশ বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে ছিল বিএনপির মহাসমাবেশ। কিন্তু সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে কাকরাইলে সংঘর্ষ শুরু হয়, পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এর পর থেকে নতুনভাবে বিরোধীদের ওপর ধর-পাকোড় শুরু হয়েছে।