প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪:১২ পিএম

দলটি (জামায়াতে ইসলামী) নাশকতার দায়ে অভিযুক্ত। দলটির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স রয়েছে। তাদের অতীত কর্মকাণ্ড অত্যন্ত জঘন্য। তারা সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে।
পুলিশকে আগুনে পুড়িয়ে মেরেছে। তাই জামায়াতে ইসলামী বাংলাদেশকে কোনোভাবেই কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে তিনি এসব কথা বলেন। বিপ্লব কুমার বলেন, যেকোনো সমাবেশ-মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা থাকে।
তবে ২৮ তারিখের সমাবেশ ঘিরে আমরা সতর্ক রয়েছি। সজাগ রয়েছি।
বিপ্লব কুমার বলেন, আমরা সমাবেশের আবেদনকারী প্রত্যেককেই চিঠি দিচ্ছি এবং দেব। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যেন জনসাধারণের কথা চিন্তা করে রাস্তায় সমাবেশ না করে মাঠে সমাবেশ করে।
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করতে আওয়ামী লীগ ও বিএনপি চিন্তা-ভাবনা করছে। গত শুক্রবার সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয় আওয়ামী লীগ। পরে গত শনিবার চিঠি দেয় বিএনপি। এর পরদিন রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় জামায়াত।