পটুয়াখালীতে নির্মাণের ৩ বছরেই ভেঙে পড়েছে আয়রন ব্রিজ
পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:৪৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের আয়রন ব্রিজটি দীর্ঘদিনেও মেরামত করা হয়নি। ব্রিজটি মেরামত না হওয়ায় এলাকাবাসী ওই খালের ওপর ব্যক্তিগত অর্থায়নে প্লাস্টিকের ড্রাম দিয়ে ভাসমান ব্রিজ তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। 

তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলেছে, ব্রিজটি নির্মাণের জন্য তারা তথ্য উপাত্ত সংগ্রহসহ এলজিইডি’র কোনো একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন।

এলাকাবাসীরা জানান, ২০১৫ সালে স্টিলের কাঠামো দিয়ে এলজিইডি কর্তৃপক্ষ খালের ওপর ব্রিজটি নির্মাণ করে। কিন্তু ২০১৮ সালের মাঝামাঝি ব্রিজটি পুরোপুরি ভেঙে খালে পড়ে যায়। 

এরপর স্থানীয়রা ৬৭টি প্লাস্টিকের ড্রাম দিয়ে ভাসমান একটি ব্রিজ নির্মাণ করে। ব্রিজটি তৈরিতে ওই সময় ২ লাখ ৪০ হাজার টাকা খরচ হয়েছিল। বর্তমানে স্থানীয়রা চাঁদা তুলে প্রায়ই এটি মেরামত করে। তবে এখন ভাসমান ব্রিজটি দিয়ে চলাচল একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ড্রাম বসিয়ে ব্রিজ বানালেও সেটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ মাথায় করে কৃষি মালামাল নিয়ে খাল পার করতে হচ্ছে। ট্রাক বা কোনো যানবাহন এ ড্রামের ওপর দিয়ে চলাচল করতে পারে না। 

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিববুর রহমান মহিব বলেন, গুরুত্ব বিবেচনায় দ্রুত ব্রিজটির নির্মাণ কাজ শুরু করার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী বলেন, ব্রিজটি নির্মাণের জন্য দু’টি প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছিল। এর মধ্যে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পের পিডি ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন। ব্রিজটির ফিজিবিলিটি স্টাডি এন্ড ডিজাইন সার্কেলও সম্পন্ন হয়েছে। 

পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেন বলেন, গুরুত্ব বিবেচনা করে ব্রিজটি নির্মাণের জন্য বেশ কয়েকটি প্রকল্পে এটিকে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ব্রিজটি যাতে করে কোনো একটি প্রকল্পের ডিপিপিতে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে আমরা যোগাযোগ করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পটুয়াখালী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft