সহজেই চাকরি পেতে সিভি কেমন হওয়া উচিত, রইল ১৩ পরামর্শ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১০:৪৫ এএম

চাকরির জন্য প্রথমেই প্রয়োজন জীবনবৃত্তান্ত (সিভি)। যা একজন কর্মহীন কিংবা চাকরি প্রত্যাশীর কাছে গুরুত্বপূর্ণ। এই সিভির জন্যই অনেক সময় ইন্টারভিউ কিংবা ভাইভার জন্য ডাকা হয় না অনেক প্রার্থীকে। 

কারণ, যেকোনো প্রতিষ্ঠানই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর মানবসম্পদ বিভাগে অনেক সিভি আসে। সেখান থেকে যেসব সিভি কর্তৃপক্ষের নজরে পড়ে, কেবল তাদেরই ডাকা হয়।

অনেকেই আছেন যারা সিভি তৈরির সময় ছোটখাটো ভুল-ত্রুটি করে থাকেন। যে কারণে আবেদনের পর তা বাতিল করা হয়। তাই সিভি নির্ভুল হওয়া উচিত। আর স্বাভাবিকভাবে একটি সিভি সহজ ও সুন্দরভাবে তৈরি করা গুরুত্বপূর্ণ। 

একই সঙ্গে দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী তৈরি করতে হবে তা। বর্তমানে দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী সিভি তৈরিতে পরিবর্তন এসেছে। একই সঙ্গে ফরমেটও পরিবর্তন হয়েছে অনেকে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদন অনুযায়ী ফোর্বস কোচ কাউন্সিলের ২০ সদস্য কীভাবে চাকরিপ্রার্থীরা নির্ভুলভাবে সিভি তৈরি করবেন, সে ব্যাপারে কার্যকরী ২০টি পরামর্শ দিয়েছেন। এবার তাহলে সেখান থেকে উল্লেখযোগ্য কয়েকটি পরামর্শ জেনে নেয়া যাক।

১. সহজ করে লেখা : সিভির ফরমেট যত সহজ হবে ততই ভালো। অনলাইন প্লাটফর্মে চাকরি খোঁজার সাফল্যের উত্তম উপায় হচ্ছে একটি সাধারণ ও সহজ সিভি। এতে যোগাযোগের তথ্যের পাশে আপনার পোর্টফোলিও, ওয়েবসাইট ও গিটহাব প্রোফাইল বা লিংক যুক্ত করার পরামর্শ দিয়েছেন ক্যারিয়ার কোচ ও সিভি লেখার প্রতিষ্ঠান পোস্ট আপ ক্যারিয়ারসের প্রতিষ্ঠাতা ফ্রাঙ্কলিন বুচানন।

২. দক্ষতার ওপর গুরুত্ব দেয়া : আউটপ্লেসমেন্ট অস্ট্রেলিয়ার হেড অব ট্যালেন্ট মার্কেটিং গিলিয়ান কেলির মতে, ২০২৩ সালে অর্থাৎ এই সময়ে চাকরির জন্য মানুষের দক্ষতা গুরুত্বপূর্ণ বিষয়। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রযুক্তিগত বিভাগে জনবল নেন, তারা অধিকাংশ সময় অংশীদারত্ব, সমালোচনামূলক ভাবনা, সামাজিক বুদ্ধিমত্তা যোগাযোগ, দৃষ্টি ও প্রভাবের মতো পরিপূরক বিষয়গুলো অনুসন্ধান করেন। একটি শক্তিশালী সিভির কাজ হচ্ছে একসঙ্গে এসব দক্ষতা তুলে ধরা। এ জন্য আগের প্রতিষ্ঠানের দক্ষতা তুলে ধরতে সেখানকার সাফল্যের বিষয়টি উল্লেখ করা যেতে পারে।

৩. চ্যাটজিপিটি এড়িয়ে চলা : আজকাল অনেকেই সিভি তৈরিতে চ্যাটজিপিটি ব্যান্ডওয়াগনের সহযোগিতা নেন। এতে বিষয়বস্তু ও গঠন ঠিক থাকলেও দেখা যায় মূল বিষয়ই থাকে না। হয়তো প্রযুক্তি আরও উন্নত হলে ঠিক হয়ে যাবে এসব। তবে বর্তমানে সিভির মতো গুরুত্বপূর্ণ বিষয় তৈরিতে চ্যাটজিপিটির সহযোগিতা না নেয়ার কথা জানিয়েছেন আটলান্টায় রিফ্রেশ ইয়োর স্টেপের লিড ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড হেড রিজিউম রাইটার এমিলি কাপিট।

৪. কৌশলগত বার্তা উল্লেখ করা : সিভিতে কৌশলগত বার্তা তুলে ধরতে হবে বলে জানিয়েছেন নয়াদিল্লির গোয়ালিসবের এক্সিকিউটিভ কোচ অ্যান্ড লিড কনসালট্যান্ট শ্রুতি পরাশর। তিনি বলেন, এ জন্য এসটিএআর-স্টার (পরিস্থিতি, কাজ, কর্ম ও ফল) ফরমেট ব্যবহার করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছোট ছোট সহজ বাক্যে উল্লেখ করা যেতে পারে।

৫. প্রথমেই যোগ্যতা : সিভিতে শুরুতেই নিজের যোগ্যতার সারাংশ উল্লেখ করতে হবে। অতিরিক্ত কিছু না লিখে যে পদের জন্য আবেদন করেছেন, সেই বিষয়ে ছোট ছোট বাক্যে যোগ্যতা তুলে ধরার কথা বলেছেন পরামর্শক প্রতিষ্ঠান ডেভিড জে স্মিথ কনসালটিংয়ের ক্যারিয়ার কোচ ডেভিড জে স্মিথ।

৬. দক্ষতার জন্য এআই ব্যবহারের বিষয় : যে পদে আবেদন করছেন (মার্কেটিং, ফিন্যান্স, প্রযুক্তি) তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং ব্যবহারের মাধ্যমে শ্রম কমিয়ে যেভাবে সফলতা পেতে পারেন, তা সিভিতে উল্লেখ করার পরামর্শ দিয়েছেন চাকরি খোঁজাবিষয়ক প্লাটফর্ম ক্যামেলিয়ন রিজিউমস এলএলসির প্রধান নির্বাহী লিসা র‌্যাঞ্জেল।

৭. সফলতার গল্প : অতীতে কর্মস্থলে কী করেছেন, কেন করেছেন, কীভাবে করেছেন এবং তা প্রতিষ্ঠানের জন্য কতটা ফলপ্রসূ ছিল তা লিখতে হবে সিভিতে। যা অন্যদের থেকে আপনাকে আলাদা করে উপস্থাপন করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নার্স মেন্টরশিপ প্রতিষ্ঠান লিমিটলেস নার্সেসের প্রতিষ্ঠাতা এবং লিডারশিপ ও ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট কোচ বিউলা এম চিজিমবা।

৮. সাম্প্রতিক অর্জন প্রথমেই উল্লেখ করা : সাম্প্রতিক অর্জন ও সফলতা থাকলে তা শুরুতে রাখার কথা বলেছেন পাকিস্তানের পরামর্শক প্রতিষ্ঠান পটেনশিয়াল ম্যাপিংয়ের এক্সিকিউটিভ কোচ মানজার বশির। তার মতে, অর্জনের ক্ষেত্রে আপনার ভূমিকা কী ছিল, কতটুকু ছিল তাও উল্লেখ করুন। তবে ভাষা হতে হবে সহজ ও সাবলীল।

৯. প্রতিষ্ঠানের লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে সমন্বয় রাখা : যে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছেন, সেখানে কেন আপনি স্বল্প ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ ও ভাবনা থেকে তাদের সেরা প্রার্থী তা ছোট করে উল্লেখ করুন। নিজেকে কোম্পানির লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে সমন্বয় করে বিবেচনা করতে হবে। এ জন্য প্রয়োজনে আগে থকে কোম্পানি সম্পর্কে জেনে নেয়ার কথা বলেছেন শিকাগোভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যালা অ্যাডাম কোচিংয়ের প্রতিষ্ঠাতা অ্যালা অ্যাডাম।

১০. একই পদে থাকা অন্য কারও প্রোফাইল অনুসরণ করা : নিউইয়র্কের কেএফবি লিডারশিপ সলুসনশের প্রেসিডেন্ট ক্যাথি বার্নহার্ড সবসময় প্রার্থীদের লিংকডইন ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকেন। এতে প্রার্থীরা যে ধরনের চাকরি খুঁজছেন, সেই একই পদের অনেককে সহজেই খুঁজে পেতে পারেন। তাদের প্রোফাইল দেখে পর্যালোচনা করা, প্রোফাইলে কোন ধরনের কি-ওয়ার্ড আছে তা দেখে নিজেরটা ঠিক করে নিতে পারবে। আর সবসময় দায়িত্ব নয়, কৃতিত্ব নিয়ে কথা বলার পরামর্শও এই লিডারশিপের।

১১. দৃষ্টি আকর্ষণের চেষ্টা : সাধারণত একটি পদের বিপরীতে হাজারো চাকরিপ্রার্থীর সিভি জমা পড়ে প্রতিষ্ঠানে। কিন্তু নিয়োগকারী এতসব সিভি থেকে অল্প সময়ের মধ্যে সিভি মূল্যায়ন করে নেন। এ জন্য প্রথম দেখাতেই যেন আপনার সিভি কর্তৃপক্ষের নজরে পড়ে, সেই চেষ্টার কথা বলেছেন নর্থ ক্যারোলাইনার নেক্সট কনভারসেশন কোচিং এলএলসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ক্রিস্টি বুসিজার।

১২. সব প্রতিষ্ঠানের সিভি এক নয় : অনেকেই একাধিক প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেন। যা খুবই সাধারণ একটি ভুল। এতে প্রতিষ্ঠান অনুযায়ী আপনার যোগ্যতা হাইলাইট না হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এ জন্য প্রতিষ্ঠান ও পদ অনুযায়ী সতর্কতার সঙ্গে কাজের বিবরণ বিশ্লেষণ করতে হবে। যোগ্যতা হাইলাইট করতে প্রাসঙ্গিক কি-ওয়াল্ড ও দক্ষতা উল্লেখ করার কথা বলেছেন মায়ামিভিত্তিক ইয়ুশিম সাইকিয়াট্রি, কনসালটিং অ্যান্ড এক্সিকিউটিভ কোচিংয়ের ব্যবস্থাপনা পরিচালক অ্যানা ইয়ুশিম।

১৩. আপনাকে কেন নিয়োগ দেবে কোম্পানি : আপনি যে কোম্পানিতে আবেদন করেছেন, কর্তৃপক্ষের কেন আপনাকেই নিয়োগ দেয়া উচিত এবং কোম্পানিকে আপনি বাড়তি কি দিতে পারবেন তা উল্লেখ করার পরামর্শে দিয়েছেন স্পেনের বার্সেলোনাভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান সেলসকোচারের প্রতিষ্ঠাতা ও সেলস কোচ মার্ক গ্যারেট হায়েস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft