বেড়েছে স্বর্ণের দাম
প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৯:২৪ পিএম আপডেট: ১১.১০.২০২৩ ১১:০১ পিএম

তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম)  স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৯ হাজার ৩৭৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা স্বর্ণের দাম কমানো হয়। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়। আর ১ অক্টোবর কমানো হয় ১ হাজার ৭৪৯ টাকা। আর ৫ অক্টোবর কমানো হয় ১ হাজার ১৬৭ টাকা। অর্থাৎ তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমে ৪ হাজার ২০০ টাকা। এখন এক লাফে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হলো।

আজ বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি
অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৩৭৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৮২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৬৬ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অর্থনীতি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft