প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৪ পিএম

সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ ওঠায় উইঙ্গার আন্তনিকে দল থেকে বাদ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে বলিভিয়া এবং পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচে থাকছেন না তিনি।
সিবিএফ জানায়, আন্তনির বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। আন্তনির জায়গায় দলে নেওয়া হয়েছে আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে।
গত সোমবার আন্তনির সাবেক প্রেমিকার অভিযোগের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল। সেখানেই মূলত আন্তনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন গ্যাব্রিয়েলা কাভালিন নামের ওই নারী। এরপর সাও পাওলো এবং গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।
আন্তনির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল রুমে তিনি তার সাবেক বান্ধবী গ্যাব্রিয়েলা কাভালিনকে নির্যাতন করেন। সে সময় মাথা দিয়ে গ্যাব্রিয়েলাকে আঘাত করেন আন্তনি।
তখন মাথা কেটে যাওয়ায় চিকিৎসাও নিতে হয় তাকে। শুধু এটুকু নয় গ্যাব্রিয়েলার তার বুকে আঘাত করার অভিযোগও করেছেন। যে আঘাতে তার কৃত্রিমভাবে স্থাপন করা স্তনের ক্ষতি হয়েছে।