প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০০ পিএম আপডেট: ০২.০৯.২০২৩ ১১:৩৭ পিএম

জমকালো আয়োজনে পাবনায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল থেকে বিভিন্ন ইউনিটের ঢোল-ডগর বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দমুখর পরিবেশে বর্ণাঢ্যর্যালি নিয়ে শহরের জেলা কার্যানলয়ে এসে জমায়েত হতে থাকে। এরপর দুপুর ১টার দিকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে র্যালি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুরহমান শিমুল বিশ্বাস বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মানুষ যখন দিধাবিভক্ত; তখনই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠিত করেছিলেন। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল বলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষিত হয়েছিল। বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেই গণতন্ত্র স্বৈরাচারি সরকারের কবলে পড়েছে। এজন্য শহীদ জিয়ার সৈনিকদের এগিয়ে আসতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নব্বইয়ের গণআন্দোলনে যেভাবে সরকারের পতন হয়েছিল; ঠিক একইভাবে শহীদ জিয়ার উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আবারো স্বৈরাচারি সরকারের পতন হবে এবং আগামী বছর স্বৈরাচারি সরকারমুক্ত বাংলাদেশে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। সভায় বক্তারা অবিলম্বে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গসহযোগী দলের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।