প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৫ পিএম

প্রয়াত মান্না অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। এটি এখনও আলোর মুখ দেখেনি।
কয়েকবার এর মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। মান্না ভক্তদের জন্য সুখবর হচ্ছে, নতুন করে এর মুক্তি নিয়ে ভাবছেন প্রযোজক।
আগামী ১৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান মান্না। এর ১৫ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘জীবন যন্ত্রণা’।
এ নিয়ে সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের সিনেমা, সংগত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ঘিরে ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।’
২০২১ সালের অক্টোবরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হোসেন।
সিনেমার মুক্তি এত বিলম্বে কেন– জানতে চাইলে প্রযোজক বলেন, ‘লীলামন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম।
ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়। আমি মনে করি, এই সময়ে তারকাবহুল সিনেমাটির আবেদনও অনেকটাই কমে গেছে।
সিনেমাটি মুক্তি দিলেও হয়তো লোকসান হবে। এরপরও এটি মুক্তি দিতে চাই। মান্নাভক্ত ও সাধারণ দর্শক অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য।’