প্রকাশ: রোববার, ২৭ আগস্ট, ২০২৩, ৭:৫৪ পিএম

বছরখানেক আগে গুঞ্জন উঠেছিল, অপু বিশ্বাস তার ঠোঁটে সার্জারি করিয়েছেন। বিষয়টি নিয়ে আগেও কথা বলেছিলেন।
তবে আরো একবার তার কথায় উঠে এলো সার্জারির কথা। শুধু তা-ই নয়, নিজের শারীরিক গঠন নিয়েও কথা বললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।
শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু বিশ্বাস। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন আর নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন।
অপু বিশ্বাস বললেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে, আমি সার্জারি করিয়েছি।যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’
অপু বলেন, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনো ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে।
আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছব।’
প্রসঙ্গত, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। সরকারি অনুদান নিয়ে এটি তিনি নিজেই প্রযোজনা করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল গত কোরবানির ঈদে।