প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৮:১৫ পিএম

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি সহ ৪২৫ অভিবাসীকে আটক করেছে দেশটির কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ।
রাজধানী কুয়ালালামপুরের চেরাসের তামান কনট এর তিনটি ভিন্ন ফ্ল্যাটে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়। যাদের বয়স ৮ থেকে ৫৪ বছর।
শুক্রবার (৪ আগস্ট) মধ্যরাত ১টায় অভিযানে ৮০ জন ইমিগ্রেশন অফিসার মোট ৬০০ জন দেশী-বিদেশী নাগরিকের কাগজপত্র চেক করেন এবং এরমধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন ৪২৫ জন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন মহিলা রয়েছেন।
আটকদের মধ্যে বাংলাদেশের ২৫২, মিয়ানমার ১০৮, ইন্দোনেশিয়া ৩০, নেপাল ২০, পাকিস্তান ৭, কম্বোডিয়া ৬ এবং ফিলিপাইনের ২ জন রয়েছেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেছেন, পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়াই (অতিরিক্ত অবস্থান) ও বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়।