প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৮:০৮ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে তিনি দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল আতাউল গনি ওসমানীর সহকারি হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন।
শেখ কামাল ছিলেন-একজন দক্ষ সংগঠক, শুধুই সংগঠক নন একই সাথে তিনি একজন ভালো অভিনয়শিল্পী, ক্রীড়াবীদ এবং ভালো সুরবাদক ছিলেন। শেখ কামাল রাষ্ট্রপতির ছেলে হওয়া সত্বেও সবসময় সাদামাটা জীবন যাপন করেছেন।
শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেছারাবাদ উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করেছেন, ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন, বসবাসের ঘরের ব্যবস্থা করেছেন। তিনি বিশ্বাস করেন-মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে মূল্যায়ন না করে দেশের মঙ্গল করা সম্ভব নয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-সাবেক সচীব বীর মুক্তিযোদ্ধা এম সামসুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, সহকারি পুলিশ সুপার সাবিহা মেহেবুব, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদার, ইউপি চেযারম্যান হুমায়ুন বেপারী প্রমুখ।
এসময় মন্ত্রী ১১ জন মুক্তিযোদ্ধার হাতে তাদের জন্য নির্মান করা বীর নিবাসের চাবি হস্তান্তর করেন। পরে মন্ত্রী উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এ্যাসোসিয়েশন আায়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।