কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৯:৪৩ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন (৫২) নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (০৪ আগস্ট) সকালে কাপাসিয়া-বরুণ সড়কের কোটবাজালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তবে স্বজনদের অভিযোগ,বাগ্‌বিতণ্ডার জের ধরে ট্রাকচালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতের ছোট ভাই শেখ কামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে কাপাসিয়া-বরুণ সড়কের কোটবাজালিয়া এলাকায় মোটরসাইকেলচালক শেখ মঞ্জুর হোসেন মিলনকে ড্রামট্রাকটি চাপা দেয়। চাকার নিচে পড়ে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। 

কামালের অভিযোগ, মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকটি ধাক্কা দিলে মিলন সড়কের পাশে পড়ে যান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হলে ট্রাকচালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

শেখ মঞ্জুর হোসেন মিলনের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। 

এ ছাড়া তিনি দৈনিক যুগান্তর, দৈনিক করতোয়া, দৈনিক ভোরের দর্পণ ও বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক।

তিনি গাজীপুর মহানগরীর শান্তিপল্লি এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর দুই মেয়ের বড়টি এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছোট মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ছে। তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে দুরোরোগ্য ব্যাধিতে আক্রান্ত।

মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুতে গাজীপুরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খানসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির দৈনিক জবাবদিহি কে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ড্রামট্রাকটি আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft