যুক্তরাষ্ট্র কারো পক্ষের নয় : পিটার হাস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৬:৪৮ পিএম আপডেট: ০৩.০৮.২০২৩ ৭:০৮ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের  বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পিটার হাস ও ওবায়দুল কাদেরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। 

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি আওয়ামী লীগ, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। সবাইকে আমি মার্কিন নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি।

পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না। আমরা যা সমর্থন করি তা হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে সাহায্য করবে। 

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে এ বৈঠক বাংলাদেশের বিভিন্ন অংশীদারদের সঙ্গে আমি যেসব বৈঠক করেছি তার অংশ। আমি অন্যান্য রাজনৈতিক দল, মিডিয়া আউটলেট, সুশীল সমাজ, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করেছি। এটিও মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আমি যা করি তার অংশ। 

প্রতিটি মিটিংয়ে আমি একই বার্তার পুনরাবৃত্তি করেছি এবং এটি আমাদের নীতি যে আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, কারও পক্ষ থেকে কোনো সহিংসতা ছাড়া নির্বাচনকে সমর্থন করি, বলেন পিটার হাস।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা বিশ্বাস করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবার ভূমিকা রয়েছে। সরকারের ভূমিকা আছে, মিডিয়ার ভূমিকা আছে, অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিচার বিভাগ, সিকিউরিটি ফোর্সেস (নিরাপত্তা বাহিনী) এবং অবশ্যই ভোটারদের ভূমিকা আছে।

এদিকে বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিদেশিদের কোনো চাপ অনুভব করছে না, আওয়ামী লীগ নিজেদের বিবেকের চাপ অনুভব করছে।

তিনি আরও বলেন, আমরা চাপ অনুভব করব কেন? ফ্রি, ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট। এখানে চাপ অনুভব করব কেন? যদি বলেন চাপ, তা হলো বিবেকের চাপ। আমেরিকার সঙ্গে আমাদের বিভিন্ন লেনদেন আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। আমেরিকার মান্যবর রাষ্ট্রদূত আমাদের পার্টি অফিসে এসেছিলেন। তারা আমাদের এই অফিসে আগে কখনো আসেননি। এজন্য তিনি এসে, দেখে গেছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft