প্রধানমন্ত্রীর আগমনে স্বপ্ন পূরণের আলো দেখছেন রংপুরবাসী
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৫:৪৮ পিএম আপডেট: ২৬.০৭.২০২৩ ৫:৫১ পিএম

দীর্ঘ এক যুগ পরে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 

এদিকে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে আশার আলো দেখছেন রংপুরের মানুষ। রংপুরের পুত্রবধূর আগমনকে ঘিরে সাজসজ্জায় ব্যস্ততা চোখে পড়ে নগরীর প্রধান সড়কগুলোতে। 

আওয়ামী লীগের নেতাদের ছবিসহ প্রধানমন্ত্রীর ছবি দিয়ে স্বাগতম জানানোর জন্য ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক। নৌকার বহরে বানানো হয়েছে গেট। এ দেখে মনে হচ্ছে রংপুর সেজেছে নতুন কোনো এক সাজে। চারিদিকে মাইক প্রচারে জানান দেয়া হচ্ছে নগরবাসীকে।

দীর্ঘবছর পরে তার আগমনে মহা আনন্দিত রংপুরবাসী। চাওয়া, পাওয়ার স্বপ্ন পূরণের পসরা সাজিয়ে তৈরি এই অঞ্চলের মানুষজন। 

বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাড়বে এ অঞ্চলের দেশি-বিদেশি বিনিয়োগ, গড়ে উঠবে নদী কেন্দ্রীক আধুনিক পর্যটন ও কৃষিভিত্তিক কলকারখানা এই স্বপ্ন পূরণের আশার আলো নিয়ে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমনটাই প্রত্যাশা রংপুরের মানুষের।

বৃহত্তর রংপুরের মানুষের দীর্ঘশ্বাস তিস্তা। শুষ্ক মৌসুমে পানির অভাবে খা খা করে নদী,আবার বর্ষায় দুকূল ছাপিয়ে প্লাবিত করে গ্রামের পর গ্রাম। ফলে তিস্তা পারের মানুষ হয়ে পড়ছে সর্বশান্ত। 

এই ভয়াবহ সমস্যা থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরর মধ্য দিয়ে মুক্তি চান তিস্তাপারের মানুষ৷ এই মহা পরিকল্পনা বাস্তবায়নে দরকার বিরাট আকারের অর্থ। এই অঞ্চলের মানুষের দাবি পদ্মা সেতুর মতই নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হবে তিস্তা। হাসি ফুটবে অসহায় তিস্তা পারের মানুষের, অর্থনীতিতে ঘটবে আমূল পরিবর্তন ।


প্রধানমন্ত্রীর আগমনকে নিয়ে দলীয় নেতাকর্মীরা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রীর আগমনে এই মহাসমাবেশ রংপুরবাসীর জন্য অতিব গুরুত্বপূর্ণ । 

এই মহাসমাবেশকে ঘিরে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এবং নতুন রুপে সাজানোর চেষ্টা করছেন রংপুরকে। প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে তারা ব্যস্ত সময়ও পার করছেন কর্মীদের নিয়ে।

নেতাকর্মীদেরসাথে আলাপকালে আরও জানা গেছে, মনোনয়ন প্রত্যাশী নেতারা প্রধানমন্ত্রীর জনসভার দিন নিজ নিজ এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী এনে শোডাউনও দিবেন। 

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিগত ১৪ বছরের উন্নয়ন তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন নেতা কর্মীরা। দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর আগমনে উজ্জ্বীবিত এমনটাই বলছেন নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft