প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১:৩৮ এএম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সহিংসতায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকির অভিযোগে আবু আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন। ওসি বলেন, হিরো আলমের হুমকিদাতাকে বিকেলে আটক করা হয়েছে। সিলেট থেকে তাকে রাতে ঢাকায় আনা হচ্ছে।
সোমবার (২৪ জুলাই) রাতে একটি ফোন নাম্বার থেকে হিরো আলমকে ফোন করেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এসময় তাকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিও দেন ওই ব্যক্তি। এই ঘটনায় রাতেই হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন হিরো আলম।
ভোটের দিন বিকেলে তাকে নৌকা প্রতীকের ব্যাজধারীরা বেধড়ক মারধর করেন। পরে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। সেই ঘটনায় দায়ের করা মামলায় বেশ কয়েকজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।