প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৯:৫৭ পিএম

চায়ের রাজধানী খ্যাত পর্যটক নগরী শ্রীমঙ্গল শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান সময়ের আলোচিত এমআর চা-বাগানের প্রায় ৩০০ ফুট উচ্চতার দার্জিলিং টিলা। অপরূপ সৌন্দর্যময় এ টিলার চারপাশের সবুজ প্রান্তরে ভিড় জমিয়েছেন নারী-পুরুষ-শিশুসহ শত শত দর্শনার্থী।
স্থানীয়দের দ্বারা টিলাটির নামকরন করা হয় দার্জিলিং টিলা। তারা জানান, এ টিলা ও চা-বাগানটি দেখতে ভারতের দার্জিলিংয়ের মতো। তাই পর্যটকদের কাছেও এটা দার্জিলিং টিলা নামেই অধিক পরিচিত।
টিলাটির চারদিকে সবুজ চা-বাগান আর মনোমুগ্ধকর বৃক্ষরাজি। দৃষ্টি যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। চা-বাগানের মেঠোপথ যে কারও মনকে ভরিয়ে দিতে পারে প্রশান্তির ছায়ায়।
প্রকৃতির এমন মনোমুগ্ধকর স্থানে এসে সবাই ব্যস্ত মোবাইল ফোন নিয়ে। কেউ মোবাইল ফোনে চিত্রধারণ, কেউ সেলফিবাজি আবার কেউ ভিডিও ধারণ করছেন।
জেলার সব চা-বাগানের প্রবেশাধিকার সংরক্ষিত হলেও এ টিলায় আগত দর্শনার্থীদের অবাধে সৌন্দর্য উপভোগের সুযোগ দিয়েছেন চা-বাগান কর্তৃপক্ষ। ফলে সবুজের চাদরে আচ্ছাদিত টিলাটিতে ভিড় করছেন দর্শনার্থী ও পর্যটকরা।
এম আর খান চা-বাগানে যেতে হলে শ্রীমঙ্গল ভানুগাছ রোড পেট্রোলপাম্প চত্বর থেকে সিএনজিচালিত অটোরিকশায় উঠে রাধানগর হয়ে মোহাজেরাবাদের এম আর খানের রাস্তায় নেমে এক কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে।
আর রিজার্ভ নিলে এম আর খানের দার্জিলিং টিলায় সরাসরি গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেল নিয়েও যেতে পারবেন। সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট।