
সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার হত্যা করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাপ্রেমী। তাই যে কোনোভাবে তারা ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে।
আজ সোমবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে খুলনা নগরীর খালিশপুর গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুফতি ফয়জুল করীম বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। দেশে এখন কোথাও কোনো জবাবদিহিতা নেই, ভেঙে পড়েছে চেইন অব কমান্ড।
তিনি বলেন, দেশ আমাদের, নির্বাচনও আমাদের। সুতরাং আমার দেশের জনগণই সিদ্ধান্ত নেবে নির্বাচন কীভাবে হবে? এখানে বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয়।
তিনি আরও বলেন, দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। বিদেশিদের কাছে যেয়ে কোনো লাভ নেই। আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। বিদেশিরা আজ বলছে আমাদের সেন্টমার্টিন দাও, কাল বলবে আমাদের পুরো দেশটাই দিয়ে দাও।
তাই একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রয়োজনে সব দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ। সঞ্চালনা করেন নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও মুফতি ইমরান হুসাইন।
সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, দারুল উলুম মাদরাসারা মুহতামিম হাফেজ মোসতাক আহমেদ, খুলনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা নাজমুস সউদ, মাওলানা মেজবাহ উদ্দিন, মুফতি আমানুল্লাহ, মুফতি মাহবুবুর রহমান প্রমুখ।