বাংলাদেশের উন্নয়নে ভারত পাশে থাকবে: ভারতীয় হাইকমিশনার
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৭:৫১ পিএম

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, দুই-দেশের বন্ধন আরও বেশি শক্তিশালী করতে বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময় পাশে থাকবে। 

সোমবার দুপুরে আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। 

তিনি বলেন, এই প্রকল্পটি আমাদের দু’দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করবে এবং অর্থনৈতিক দিক থেকেও অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সফল হয়েছি এবং দ্রুত অবকাঠামো দিতে পারলে এই প্রকল্প থেকে জনগণ উপকৃত হবে। 

তিনি বলেন, এলওসির অধীনে ভারত-বাংলাদেশের মধ্যে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। এর মধ্যে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চারলেন এবং আখাউড়া থেকে আগরতলা রেলপথ প্রকল্প রয়েছে। এ ছাড়া আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনা নির্মাণের পরিকল্পনা চলছে।

তিনি বলেন, চলমান কাজগুলো শেষ হলে দুই দেশই এর সুফল ভোগ করতে পারবে। অর্থনীতি ও বাণিজ্যিকভাবে লাভবান হবে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। 

এ সময় ভারতীয় হাইকমিশনার দুই দেশের পারস্পরিক সহযোগিতায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। 

হাইকমিশনার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সদর উপজেলায় নির্মাণাধীন চারলেন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আশুগঞ্জ নদী বন্দর ও আখাউড়া স্থল বন্দর পরিদর্শন করেন। 

এ সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের পরিচালক শোয়েব আহমেদ, অতিরিক্ত প্রকল্প পরিচালক খালেদ সাহিদ ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন উপস্থিত ছিলেন। 

এছাড়া আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী তাহমিনা সারমিন ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft