প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৯:০৮ পিএম আপডেট: ০৯.০৬.২০২৩ ১০:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পেছন থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (০৯ জুন) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের নাচোল উপজেলার ফতেপুর মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হলেন-সদর উপজেলার গোবরাতলা গ্রামের বকুল আলীর ছেলে মো. আকাশ (২২)। আহতরা হলেন, সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের জাকারিয়ার ছেলে মো. মাহফুজ (১৭), একই গ্রামের নয়ন আলী (২৫) ও মো. নাজিম (২৫)।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, জনপ্রতিনিধি ও পুলিশ স‚ত্রে জানা যায়, বিকেলে দুইটি মোটরসাইকেলে ৪ জন আরোহী গোরবাতলা থেকে গোমস্তাপুর যাচ্ছিল। ফতেপুর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় আকাশ। এছাড়াও গুরুতর আহত হয় বাকি তিন জন।
স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে ফায়ার সার্ভিসকে জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে।
সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের বিষয়টি নিশ্চিত করেছেন-নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান। তিনি জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।