প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৪:২২ পিএম

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে একদিন বয়সী কন্যা শিশু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটেছে।
চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মো. মাহফুজুর রহমান ও মোছা. হাসনা হেনা (২৫) দম্পতির সন্তান।
শিশুটির চাচা মো. মিজানুর রহমান জানান, গতকাল (বৃহস্পতিবার ৮ জুন) সকালে গৃহবধূ হাসনা হেনার প্রসব ব্যাথা শুরু হলে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুর ১২টার দিকে হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা শিশুর জন্ম নেয়। সারারাত রোগীর আত্মীয়রা মা ও শিশুটিকে দেখভাল করেন। পরে শুক্রবার সকালে শিশুটির দাদা ও তার মাকে হাসপাতালে রেখে বাকীরা সবাই বাড়িতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির দাদি ও মা হাসপাতালের বেডে সুয়ে ছিলেন। এসময় হঠ্যৎ একজন মাস্ক পড়া নারী এসে শিশুটি কোলে নিয়ে ডাক্তার আসবে বলে শিশুটির মাকে বিছানা থেকে বসাতে বলে। মুহুত্বেই শিশুটিকে নিয়ে চলে যান মাস্ক পরিধানরত ওই নারী। এসময় শিশুটির দাদির চিৎকারে হাসপাতালের লোকজন আসেন। সবাই খোঁজাখুঁজি করে শিশুটির খোঁজ পাওয়া যায়নি।
পরে হাসপাতাল সিসিটিভি'র ফুটেজে দেখা যায় মূল গেট থেকে শিশুটি নিয়ে ওই নারী একটি অটোরিকসায় যোগে দ্রুত চলে যান। এ বিষয়ে নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডা. রোজি আরা খাতুনের মোবাইল নম্বরে একাধিক বার কল করলেও তিনি তা রিসিভি করেননি।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, বিষয়টি জানার পরই নবজাতক শিশুটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।