প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১১:১৫ এএম

জায়রা ওয়াসিম একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি বলিউড হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন।বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
জায়রা ওয়াসিম ২০১৯ সালে সিনেমা থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন। মূলত ইসলামের পথে চলার জন্যই অভিনয় ছাড়েন তিনি। এরপর থেকে ধর্মীয় রীতি মেনেই জীবন-যাপন করছেন সাবেক এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের জীবনাচরণের একটি চিত্রের প্রতিচ্ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন জায়রা।
এতে দেখা যায়, নেকাব-হিজাব দুটোই পরে রয়েছেন, আর ওই অবস্থাতেই হাত দিয়ে হালকা নেকাব সরিয়ে খাবার খাচ্ছেন এক নারী। এমনই একটি ছবি এক টুইটার ব্যবহারকারী শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এটা কি একজন মানুষের পছন্দ?’
সেই টুইটটি শেয়ার করেছেন জায়রা। ক্যাপশনে লিখেছেন, ‘এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি।
এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নেকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।’
এদিকে গত বছর কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয়। সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ জুন জায়রা ওয়াসিম নিজের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটার একাউন্টে একটি পোস্টের মাধ্যমে জামান যে, পাহাড়সম প্রশংসা আর চরম সফলতার মাঝেও তিনি সিনেমা জগতে শান্তি পাচ্ছেন না।
এই জগৎ তাকে ধীরে ধীরে তার ইমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং এ কারণেই তিনি বলিউড ও সিনেমা জগৎ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ধর্ম-বিশ্বাসের কারণ দেখিয়ে অভিনয় থেকে জায়রার অকাল অবসর নিয়ে সেসময় কম হইচই হয়নি। যদিও তখন থেকে আজও নিজ সিদ্ধান্তে অবিচল এই কাশ্মীরি কন্যা।
জ/আ