প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৫:৪৩ পিএম

১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্যু পালটা ক্যুর মধ্যে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমসহ তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
দীর্ঘ ৪৮ বছর পর গতকাল (বুধবার ১০ মে) রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করা হয়। মামলাটি করেন সে সময় হত্যাকাণ্ডের শিকার কর্নেল নাজমুল হুদার মেয়ে সংসদ সদস্য নাহিদ ইজহার খান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান এবং জাসদ নেতা কর্নেল আবু তাহের বীর বিক্রমের নির্দেশে নাজমুল হুদাসহ তিন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। ওই ঘটনায় জড়িতদের মধ্যে কেবল ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক মেজর আবদুল জলিল জীবিত আছেন। তাকেই মামলার এজাহারে আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক গণমাধ্যমকে বলেন, শেরেবাংলা নগর থানায় বুধবার রাতে এ মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।
-জ/অ