প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ১১:১৪ এএম

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকা পৌঁছেছেন ১৩৫ জন বাংলাদেশি। সোমবার (৮ মে) সকাল ১০ টা ৩০ মিনিটে তারা ঢাকা পৌঁছান।
এর আগে দূতাবাস জানায়, তিন দফায় পোর্ট সুদান থেকে জেদ্দা নিয়ে যাওয়া হয় বাংলাদেশিদের।
বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এ দলই সবার আগে সশস্ত্র সংঘাতে বিশৃঙ্খল সুদান থেকে ফিরে এসেছে।
খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি আরও বলেন, পোর্ট সুদান এলাকা থেকে তিনটি পৃথক ফ্লাইটে অন্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় পাঠানো হয়েছে।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে রোববার রাতে তারা জেদ্দা থেকে ঢাকা রওনা হন।
প্রথম ফ্লাইটে ৪৫, দ্বিতীয়টিতে ২৪ এবং তৃতীয়টিতে ৬৫ জন বাংলাদেশি পোর্ট সুদান থেকে জেদ্দায় পৌঁছায়।
এই ১৩৫ জনের মধ্যে ১৭ জন নারী, ১১টি শিশু ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন বলে কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে।
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলছে। কয়েক সপ্তাহ ধরে চলা এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে।সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন।
উল্লেখ্য, সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন।