প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৪:৫১ পিএম

গত বছর থেকেই চুটিয়ে প্রেম করছেন হৃতিক রোশন ও সাবা আজাদ। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন যুগল। যদিও তা নিয়ে এখনও মুখ খোলেননি দু’জনের মধ্যে কেউই।
গত বছর ফেব্রুয়ারি মাসে প্রথম তাঁদের একসঙ্গে দেখা যায়। মুম্বাইয়ে একটি রেস্তরাঁয় একসঙ্গে দেখা গিয়েছিল বলিউড তারকা হৃতিক রোশন ও অভিনেত্রী সাবা আজাদকে। তারপর থেকেই তুঙ্গে তাঁদের প্রেমের চর্চা।
এত দিনে অবশ্য জনসমক্ষে একাধিক বার একসঙ্গে ধরা দিয়েছেন হৃতিক ও সাবা। তাঁরা যে চুটিয়ে প্রেম করছেন, সে বিষয়ে আর কারও কোনও সন্দেহ নেই। খবর, খুব শীঘ্রই নাকি সাবার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন হৃতিক। রোশন পরিবারের সঙ্গে ইতিমধ্যেই সময়ও কাটিয়েছেন সাবা। এ বার, হৃতিকের দুই পুত্রের সঙ্গে সময় কাটালেন সাবা। হৃতিক তো আছেনই, পাশাপাশি হৃহান ও হৃদানকে নিয়ে ‘ডেট’-এ গেলেন ‘রকেট বয়েজ’ খ্যাত অভিনেত্রী। সামাজিকমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ল সেই ছবি।
সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহ থেকে বেরোতে দেখা যায় হৃতিক ও সাবাকে। ছাই রঙের জ্যাকেট ও বেজ ট্রাউজার পরেছিলেন হৃতিক, মাথায় ছিল ক্যাপ। অন্য দিকে, সাবার পরনে ছিল কালো ক্রপ টপ ও ডেনিম জিন্স। হৃতিক ও সাবার সঙ্গেই ছিল হৃতিকের দুই ছেলে হৃহান ও হৃদান। ক্যামেরা শিকারিদের সামনেও বেশ সাবলীল দেখাচ্ছিল চার জনকেই।
-জ/অ