শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
বাসস
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১১:৪০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেখ হাসিনাকে নিজের ‘রোল মডেল’ মন্তব্য করে তিনি জানান, তার স্ত্রী এবং দুই কন্যাও শেখ হাসিনার ভক্ত।

শুক্রবার (৫ মে) স্থানীয় সময় বিকালে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ৩৫ মিনিট ধরে চলা বৈঠকে দু’দেশের নেতারা পারস্পরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর শুক্রবারের কর্মসূচি শেষে তার সফর নিয়ে ব্রিফ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ঋষি সুনাক বলেছেন, আপনি (শেখ হাসিনা) আমাদের জন্য বিশাল বড় অনুপ্রেরণা। কথাটি বেশ কয়েকবার উচ্চারণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সাইদা মুনা আরও বলেন, ঋষি সুনাক বলেছেন, তার দুটো ছোট মেয়ে আছে। তারা ও তার স্ত্রী সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত। সুনাক চান তার মেয়েরা যেন শেখ হাসিনার মতো নেতা হন।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ব্রিটিশ প্রধানমন্ত্রী জোর দেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। বাংলাদেশের জন্য যেকোনো সহায়তায় ব্রিটেন সবসময়ই প্রস্তুত বলেও জানান বাংলাদেশের হাইকমিশনার।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের সোলার হোম সিস্টেম ব্রিটেনে চালু করতেও ঋষি সুনাক আগ্রহী বলে জানান তিনি।

এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান শেখ হাসিনা। ঋষি সুনাক বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দুঃসাহসিক কাজ করেছে।

বৈঠকের শুরুতে শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঋষি সুনাককে অভিনন্দন জানিয়ে বলেন, আপনি অল্প বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন। তরুণদের নেতৃত্বে দেখে আমার ভালো লাগছে।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft