প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:২৬ পিএম

আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যে কোনো নির্দেশনা পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (২৮ এপ্রিল) হজরত শাহজালাল (র.) এর মাজারে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মাজার জিয়ারত ও নিজের বাবা-মার কবর জিয়ারতের পর আগামী নির্বাচনে নিয়ে পুলিশের প্রস্তুতির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের প্রতিটি নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কাজ করে। তাই এবারও নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কাজ করবে।’
তবে নির্বাচনকে কেন্দ্র করে আলাদা কোনো চ্যালেঞ্জ না দেখলেও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে বলে জানান আইজিপি।
নিজ শহর সিলেটের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সিলেট আন্তরিকতার শহর। এখানে সর্বদাই আন্তরিক পরিবেশ বজায় থাকে। যে কোনো কর্মকর্তা সিলেটে চাকরি করে যাওয়ার পরও সিলেট ভুলতে পারেন না।’
এর আগে, গতকাল (বৃহস্পতিবার ২৭ এপ্রিল) রাতে দুই দিনের সফরে সিলেট যান তিনি। সফরকালে পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের কথা রয়েছে।
-জ/অ