প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১:০৪ পিএম

কোষ্ঠকাঠিন্য কিংবা মলত্যাগের সমস্যায় শরীরে বাসা বাঁধতে পারে পাইলস বা অর্শের মতো জটিল রোগ। এ সমস্যা থেকে দূরে থাকতে চাইলে ডায়েট লিস্টে প্রাধান্য দিতে পারেন বিশেষ কিছু খাবার।
চিকিৎসকরা বলছেন, এ রোগে কেবল বয়স্করা নয়, আক্রান্ত হতে পারেন কম বয়সিরাও। অথচ খাওয়া দাওয়ায় কিছু নিয়ম মেনে চললেই এই রোগের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।
পুষ্টিবিদদের মতে, ফাইবার সমৃদ্ধ ফল ও শাকসবজি পাইলস এবং কোষ্ঠকাঠিন্যের রোগীদের দারুণ কাজে আসে। মৌসুমি রঙিন ফল ডায়েট লিস্টে রাখতে পারেন।
পাইলস সমস্যায় যেহেতু মলত্যাগের সমস্যা হতে দেখা যায় এবং সঙ্গে কখনও রক্তপাত হয় তাই এসব রোগীদের খালি পেটে সকালে ইসবগুল খাওয়াটা জরুরি।
খাবারে প্রাধান্য দিতে হবে ঢেঁকি ছাটা চাল, লাল আটা, শস্যজাতীয় খাবার আর বিভিন্ন প্রজাতির ডাল। এ ধরনের রোগীদের কখনই তিন লিটার পানির কম খাওয়া উচিত নয়।
শরীরে তরলের ভারসাম্য ঠিক রাখতে তেল চর্বিযুক্ত খাবার, ভাজাপোড়া এড়িয়ে চলুন। বরং এর পরিবর্তে বেছে নিন বিভিন্ন ফলের জুস, ওটস, টকদইকে।
রাতে ভাতের বদলে খেতে পারেন লাল আটার রুটি। তাছাড়া কলা, খেজুর, কিশমিশ, আলুবোখরা, নাসপাতি, আপেল, বার্লি, মিষ্টি আলুও কার্যকরী হয়ে উঠতে পারে পাইলস বা অর্শ রোগীদের ক্ষেত্রে।
সূত্র: এই সময়, আনন্দবাজার পত্রিকা।
-জ/অ