প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ২:৫৫ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী ড. আব্দুল মজিদ খান মারা গেছেন। গতকাল (বুধবার ২৬ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়ে ড. আব্দুল মজিদ খানের মৃত্যুর বিষয়টি জানিয়েছে আইইউবি।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় আইইউবি ক্যাম্পাসে আব্দুল মজিদ খানের জানাজা অনুষ্ঠিত হবে। আর শুক্রবার (২৮ এপ্রিল) জুমার নামাজের পর বারিধারা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
আব্দুল মজিদ খান এইচ এম এরশাদ সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি একটি নতুন শিক্ষানীতির প্রস্তাব করেছিলেন। ওই নীতি ঘোষণার পর থেকেই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
ছাত্র সমাজের দাবি ছিল অবৈতনিক বৈষম্যহীন শিক্ষানীতির। কিন্তু মজিদ খান যে নীতি ঘোষণা করেছিলেন, সেখানে বাণিজ্যিকীকরণ আর ধর্মীয় প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ ছিল শিক্ষার্থীদের।
-জ/অ