পরিণীতির আগেই বিয়ের পিঁড়িতে সোনাক্ষী? জুনিয়র শটগানকে ‘বৌদি’ ডাকলেন অর্পিতা!
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ২:৪৩ পিএম

বলিউডে ফের বিয়ের ফিসফাস। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি সাত পাক ঘুরতে চলেছে সোনাক্ষী সিন্‌হা। বলিপাড়ার অন্দরে অন্তত তাইই খবর। অভিনেত্রীকে তো ‘বৌদি’ বলে ডেকেই ফেলেছেন সালমান খানের বোন অর্পিতা খান শর্মা। 

ইদের পার্টিতেও চর্চিত প্রেমিকের সঙ্গেই দেখা গিয়েছে শত্রুঘ্ন সিন্‌হার কন্যাকে। সামাজিকমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল তাঁদের ছবি। তবে, ইনস্টাগ্রামে নিজের পাতায় তাঁদের ছবি পোস্ট করেও মুছে দিয়েছেন অর্পিতা। এতেই আরও বেড়েছে জল্পনা। তবে কি গাঁটছড়া বাঁধার আগে প্রকাশ্যে প্রেমের ইস্তেহার দিতে রাজি নন জুনিয়র শটগান?

পাত্রের নাম জহির ইকবাল। পেশায় অভিনেতা, যদিও বলিপাড়ায় তাঁর পরিচিতি সালমান খানের ঘনিষ্ঠ হিসাবেই। গত বছর থেকেই সোনাক্ষীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন বলিউডে। একাধিক বার এক সঙ্গেও দেখা গিয়েছে সোনাক্ষী ও জহিরকে। 

সম্প্রতি অর্পিতা খান শর্মা আয়োজিত ইদের পার্টিতেও এক সঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষী ও জহিরকে। এই প্রথম ক্যামেরার সামনে এক ফ্রেমে ধরা দেন তাঁরা। অন্দরের খবর, পার্টিতে নাকি সোনাক্ষীর পাশ থেকে নড়েননি জহির। পার্টির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষীকে ‘বৌদি’ বলে উল্লেখও করেন অর্পিতা। তবে, খুব শীঘ্রই সেই ছবি সামাজিকমাধ্যমের পাতা থেকে সরিয়েও দেন সালমান খানের বোন। অন্য দিকে ইদ উপলক্ষে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির বাড়িতেও পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেও উপস্থিত ছিলেন অর্পিতা খান শর্মা, আয়ুষ শর্মা, সোনাক্ষী সিন্‌হা, জহির ইকবাল, তাহের সাব্বিরের মতো অভিনেতারা। ওই পার্টির ছবিতে জহিরের বাহুলগ্না সোনাক্ষী। অভিনেত্রীর গলায় জড়ানো জহিরের হাত। সাবেকি পোশাক পরে তাঁর গায়েই হেলান দিয়ে দাঁড়িয়ে ‘লুটেরা’ খ্যাত অভিনেত্রী। ইদের ওই পার্টিতে চর্চিত যুগলের ছবি দেখে অনুরাগীদের ধারণা, খুব শীঘ্রই নাকি চার হাত এক হতে চলেছে দু’জনের।

চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন সোনাক্ষী সিন্‌হা। জোয়া আখতারের ‘দাহাড়’ সিরিজের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় অভিষেক হতে চলেছে অভিনেত্রীর। মুক্তির আগেই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়েছে এই ক্রাইম থ্রিলার সিরিজ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


-জ/তা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft