অবশেষে রাজধানীতে নামলো স্বস্তির বৃষ্টি
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৬:৫৫ পিএম

কয়েকদিন ধরে চলা তাপদাহের অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকায় নামলো স্বস্তির বৃষ্টি। রাজধানীতে সবশেষ বৃষ্টি হয়েছিল ১৯ দিন আগে।

শুক্রবার বিকাল পাঁচটার দিকে রাজধানী ঢাকায় এ বৃষ্টি নামে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসে।

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশই তাপপ্রবাহ চলছিলো। গরমে হাঁসফাঁস অবস্থা হয় সবার। এই রোজায় প্রচণ্ড তাপে বাইরে কাজ করাটা হয়ে পড়ে কষ্টসাধ্য।

আবহাওয়া অধিদপ্তর অবশ্য শুক্রবার সকালেই জানিয়েছিলো আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবার দেশে একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমেছে এ সময়। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে কাল বৈশাখী ঝড় ও বৃষ্টি।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগসমূহে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে তাপ প্রবাহের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 

ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার ম্যধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft