প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৮:৪০ পিএম

সিয়াম সাধনার মাস রমজানের শুরু থেকে শ্রীমঙ্গলে শুরু হয়েছিল দুই টাকায় ইফতার বিতরণ ৷ উদীয়মান তরুণদের গড়ে তোলা 'দ্যা হেল্পিং উইং' নামক সামাজিক সংগঠনের উদ্যোগে আজ শহরের রেল স্টেশন চত্বরে চার শতাধিক ছিন্নমূল, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালে শ্রীমঙ্গলে প্রথমবারে মত দুই টাকায় ইফতার নামক প্রোগ্রাম শুরু করেছিল সংগঠনটি৷ এই ধারা অব্যাহত ছিলো ২০২২ সালেও৷ গত বছর রমজানে পুরো রমজান মাস ধরেই সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছিলেন তারা৷ তারই ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে তাদের এই মানবিক কার্যক্রম।
দ্যা হেল্পিং উইং শ্রীমঙ্গল কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ইফতার বিতরণে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আয়োজকরা জানিয়েছেন তাদের এই আয়োজনের পুরোটা নির্ভর করে বিত্তবানের কাছ থেকে প্রাপ্ত সাহায্যের উপর৷ তাই আয়োজকরা শ্রীমঙ্গলের সামর্থ্যবানদের বরাবরের মত অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। এদিকে তাদের দুই টাকায় ইফতার বিতরণ কার্যক্রম সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।