'আট বিভাগে চালু হবে ক্যানসার-কিডনি-হার্টের ৮টি হাসপাতাল'
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৯:২৭ পিএম আপডেট: ১৫.০৪.২০২৩ ৯:২৮ পিএম

ক্যানসার, কিডনি ও হার্টের জন্য আট বিভাগে নির্মিত আটটি হাসপাতাল আগামী এক বছরের মধ্যে চালু হবে। দেশে ক্যানসার, কিডনি ও হার্টের রোগ অনেক বেড়েছে। যতো লোক মারা যায় তার ৬০ থেকে ৭০ ভাগ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। হাসপাতালগুলো চালু হলে মৃত্যুর হার কমবে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে আটটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ৩৭টি মেডিকেল কলেজে ই-লাইব্রেরির উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী আরও বলেন, সিমুলেশন ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকশন টেবিল ব্যবহার করে ডিজিটাল মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা। তারা এর মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এতে করে মৃতদেহের ব্যবহার কমে আসবে। এ ছাড়া বার বার ব্যবহারের মাধ্যমে মেডিকেলের শিক্ষার্থীদের দক্ষতা অনেক বেড়ে যাবে।

জাহিদ মালেক বলেন, দেশের এফডব্লিউসিগুলো (ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিভাগ) দৈনিক আট ঘণ্টা চলে। আমরা নির্দেশনা দিয়েছি প্রতিটি এফডব্লিউসি এখন ২৪ ঘণ্টা সার্ভিস দেবে। ২৪ ঘণ্টা সার্ভিস দিলে ইনস্টিটিউশনাল ডেলিভারির সংখ্যা বেড়ে যাবে। তার মাধ্যমে মা ও শিশু মৃত্যুর হার অনেক কমে যাবে এবং সিজারের সংখ্যা কমে যাবে।

তিনি বলেন, নানা জটিলতায় যে সকল চিকিৎসক ও নার্সদের পদোন্নতি হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অল্প সময়ের মধ্যেই তাদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে যত শূন্য পদ আছে সকল শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আর একটি পদও শূন্য থাকবে না।

 জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft