প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৫:৪৮ পিএম আপডেট: ১৫.০৪.২০২৩ ৫:৫৩ পিএম

১৯৬৫ সালের পর শনিবার (১৫ এপ্রিল) ঢাকায় সবচেয়ে বেশি গরম পড়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ। ওই বছর ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
গতকাল রাজধানীতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা সবশেষ ৯ বছর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল রেকর্ড করা হয়েছিল।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি।
তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। অসহনীয় ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গার জনজীবনসহ প্রাণীকুল অতিষ্ঠ। এই গরম ব্যাঘাত ঘটিয়েছে চুয়াডাঙ্গার মানুষের জীবনযাত্রায়।
স্বাভাবিক সময়ের মতো ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। জরুরি কাজ ছাড়া তীব্র রোদে পুড়তে আগ্রহী নন কেউ। তীব্র গরমে এই জেলার মানুষের জীবনে নেমে এসেছে স্থবিরতা।
জ/আ