সোহাগকে ফিফার নিষেধাজ্ঞা: ধোঁয়াশা রেখেই সম্মেলন কক্ষ ছাড়লেন সালাউদ্দিন
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:৫৬ পিএম

আর্থিক অসঙ্গতি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দেওয়া ফিফার নিষেধাজ্ঞা ও জরিমানা ঘোষণার পর থেকেই নীরবতা পালন করছেন সভাপতি কাজী সালাউদ্দিন। সে কারণে আজ (শনিবার ১৫ এপ্রিল) সকাল থেকেই সালাউদ্দিনের সাক্ষাৎ পেতে অপেক্ষা করতে থাকে দেশের সংবাদমাধ্যমগুলো। পরবর্তীতে তিনি এলেন ঠিকই, কিন্তু সব প্রশ্নের উত্তর না দিয়েই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান তিনি।

শনিবার দুপুর গড়িয়ে যখন শেষ বিকেলের দিকে বেলা গড়াচ্ছিল তখন বাফুফে ভবনে উপস্থিত হন সালাউদ্দিন। কয়েকজন বাফুফে সদস্যের সঙ্গে আলোচনা করে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

শুরুতেই সালাউদ্দিন বলেন, ‘একটা দুঃসংবাদের জন্য কারণে আমরা সবাই একত্রিত হয়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেক্রেটারি নিষিদ্ধ হয়েছেন। আপনারা যেমন খবরটি গতকাল পেয়েছেন, একই সময়ে আমিও জেনেছি। গতকাল কিছু ডকুমেন্ট পড়েছি, এখনও পুরো শেষ করতে পারিনি। যেহেতু সাসপেন্ড করেছে, এই ব্যাপারে যা করা দরকার আমরা করেছি।’

বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে এই শীর্ষ কর্তা বলছেন, ‘আমি জরুরি সভা করতে চেয়েছিলাম। সিনিয়র সহ-সভাপতিসহ তিনজন দেশের বাইরে (কাজী নাবিল আহমেদ শুধু দেশের বাইরে আছেন, বাকিরা ঢাকার বাইরে) থাকায় করতে পারিনি। কালকে বোধহয় পৌঁছাবে। পরশু সভা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে।’

পরক্ষণেই সালাউদ্দিন বলেন, ‘বাদ বাকি অ্যাকশন কি যাবে, তার জন্য দুই দিন অপেক্ষা করতে হবে। আজ ও কাল ফিফা বন্ধ, সোমবার খুলবে। এরপর ফিফার সেক্রেটারির সঙ্গে আলাপ করব। পরের দিন নিজেরা মিটিং করে সিদ্ধান্ত জানাব।’

ফিফা অনেক দিন থেকেই বিষয়টি তদন্ত করছে, সভাপতি হিসেবে তিনি জানতেন কিনা এই প্রশ্নের জবাবে বলেন, ‘ওরা যখন জুরিখে (সুইজারল্যান্ডের) গেছে তখনই জানি, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে জানতাম না। যেহেতু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তাই অফিসিয়াল হিসেবেই ধরেছি। জানতাম এথিকস কমিটি যখন এর পেছনে লেগেছে, তখন একটা কিছু করবেই।’

গতকাল থেকেই সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সাংবাদিক ও ফুটবল সংশ্লিষ্ট কারও ফোন ধরছেন না। তবে তার সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে বাফুফে সভাপতি জানালেন, ‘আমি কাল রাতে সোহাগের সঙ্গে কথা বলেছি, সে মনে করছে তার উপর অবিচার করা হয়েছে। সে আমাকে কোর্টে (আন্তর্জাতিক ক্রীড়া আদালত) যাওয়ার কথা জানিয়েছে।’


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft