কোপা অনূর্ধ্ব-১৭: আলাদা ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনার জয়
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:২২ পিএম

ব্রাজিল ও আর্জেন্টিনা লাতিন আমেরিকার অন্যতম দুই ফুটবল পরাশক্তির দেশ। জনপ্রিয় এই দল দুটির ম্যাচ মানেই দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা। তাই জাতীয় দলের মতো যুব দলের খেলাতেও ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তাদের ম্যাচ।

ইকুয়েডরের মাটিতে লাতিন আমেরিকান অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৯ তম আসর চলছে। যেখানে আলাদা ম্যাচে জয় তুলে নিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার যুবারা।

জুনিয়র কোপা আমেরিকার পূর্বের ১৮টি আসরের মধ্যে ১২টি আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। এবারও টুর্নামেন্টের গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ফাইনাল রাউন্ডে পা দিয়েছে সেলেসাওরা। ফাইনাল রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছিল ব্রাজিলের যুবারা। এবার দ্বিতীয় ম্যাচেও প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় সেলেসাও জুনিয়ররা।

শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টায় এস্তাদিও দে লিগা দেপোর্টিভা ইউনিভার্সিটিরিয়ায় ব্রাজিলের বিপক্ষে ১৯ মিনিটেই পাউলো রিভারোসের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। তবে ৫ মিনিট পর প্যারাগুয়ে ডিফেন্ডার রদ্রিগো গোমেজের আত্মঘাতি গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর বিরতির তিন মিনিট আগে সেলেসাওদের ২-১ গোলে এগিয়ে নেন রায়ান রোচা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৯ মিনিটে ব্রাজিল ফরোয়ার্ড দোদো দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে ১০ জনের দলে পরিণত হলেও পিছিয়ে থাকেনি দলটি। ৭৯ মিনিটে লুইস গুস্তাভোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। এরপর যখন পরাজয়ের ক্ষণ গুণছিল প্যারাগুয়ে, ম্যাচে যোগ করা সময়ে গোল করেন অ্যাঞ্জেল আগুয়েও। ৩-২ গোলে জয় পায় ব্রাজিল।

ফাইনাল রাউন্ডে ব্রাজিলের তৃতীয় ম্যাচ স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে ১৮ এপ্রিল। চিলির বিপক্ষে চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে ২১ এপ্রিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে।

একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচের ১৫ মিনিটে সান্তিয়াগো লোপেজ গ্রবিনের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। অবশ্য সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি আলবিসেলেস্তেদের। ৯ মিনিট পর গোল পরিশোধে ম্যাচ সমতায় ফেরান ভেনেজুয়েলার লুকিয়ানো ফ্যাব্রিসিও রিনোসো।

তবে প্রথমার্ধের যুক্ত করা অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সান্তিয়াগো লোপেজ গ্রবিন। বিরতির পর দুই দলই বেশ আক্রমণ চালায়। তবে শেষ পর্যন্ত কোনো দলই আর কারো জাল খুঁজে পায়নি। এতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এবারের আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছিল আর্জেন্টিনার যুবারা। ফাইনাল রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে চিলি অনূর্ধ্ব-১৭ দলকে ২-০ গোলের হারায় আগামী দিনের মেসি-ডি মারিয়ারা। আর্জেন্টিনা নিজেদের তৃতীয় ম্যাচে ১৭ এপ্রিল খেলবে প্যারাগুয়ের সঙ্গে। এরপর ২০ এপ্রিল স্বাগতিক ইকুয়েডর ও পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের।

উল্লেখ্য, লাতিন আমেরিকান অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে ছয় দল একে অপরের মুখোমুখি হবে।

ফলে প্রতিটি দলের পাঁচটি করে ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ। বাকি চার দলের মধ্যে যথায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণ হবে।


-জ/অ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft