প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৩:১৩ পিএম

মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা।
মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িয়ে গিয়ে পা ঝুলিয়ে বসে ছিল। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কোনো কিছুর কামড়ের চিহ্ন।
পরে আশেপাশে তাকিয়ে সিঁড়ির নিচে সাপ দেখতে পায়। এরপর শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাবা রাকিব খান কান্নাজড়িত কন্ঠে বলেন, "ঘরের সামনে সিঁড়িতে গিয়ে বসার পরই আমার মেয়ের পায়ে সাপটা কামড় দেয় এবং আমার মেয়ে চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে।
পরে দেখি সাপ। ততক্ষণে আমার মেয়ে বমি করতে শুরু করে দেয়। মেয়েটি আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল। কিন্তু আমার মেয়েটিকে বাঁচানো গেলো না।"
জ/আ