প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ২:২১ পিএম

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে-রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং সিলেটের মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, 'আরও অন্তত ৭ থেকে ৮ দিন এই পরিস্থিতি চলতে পারে। কয়েকটি জেলায় দিনের তাপমাত্রা বাড়তেও পারে।'
'আগামী ৭ থেকে ৮ দিন পর বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন তাপমাত্রা কমে স্বাভাবিক হবে। সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সিলেট অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ধারণা করা হয়েছিল চলতি এপ্রিলে দেশে ২-৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এই বিষয়ে বজলুর রশিদ আরও বলেন, 'প্রথম তাপপ্রবাহ দীর্ঘায়িত হয়েছে। মাসের শেষ ভাগে আরেকটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।'
সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়।
চলতি মাসেই ৩ থেকে ৫ দিন বজ্রসহ মাঝারি ধরনের শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া, ১ বা ২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, বলছেন বিশেষজ্ঞরা।
তারা আরও বলছেন, মাসের শেষে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর পাশের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ধারণা করা হচ্ছে, এর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে স্বল্প মেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
জ/আ