প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১:৫১ পিএম

ঈদকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় লাখ লাখ যাত্রী নিয়ে চলে পরিবহনের বাস। কিন্তু ঈদের বকশিসের নামে এসব পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠে।
এমন অভিযোগের বিষয়ে এবার কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির সিদ্ধান্ত আসন্ন ঈদে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেয়া যাবে না।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে জরুরি আলোচনা সভায় এম সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।
রোববার (৯ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্ব করেন।
সভায় ঢাকার প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান, এমডি, সব রুট মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতার উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের বেকার ভাতা বা ঈদ বকশিসের নামে গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। তাছাড়া ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকা বাইরে রিজার্ভে পাঠানো যাবে না।
এছাড়া বাস টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল মালিকদের সমন্বয়ে একটি টিম গঠনের সিদ্ধান্ত হয়। এই টিমের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয় মালিক সমিতি।
জ/আ